নওগাঁর পত্নীতলায় ভটভটির চাকায় চাদর জড়িয়ে মাথায় আঘাত পেয়ে এনামুল ইসলাম বকুল (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পাটিচাড়া বাজারসংলগ্ন কাশিপুর সড়কে এ দুর্ঘটনা হয়।
নিহত এনামুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তাহের মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামইরহাট সেলিমপুর গ্রাম থেকে সকালে মাছ ব্যবসায়ী এনামুল ইসলাম তার পুকুরের মাছ নিয়ে ভটভটিযোগে পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে যাচ্ছিলেন। সকালে হালকা শীত অনুভব হওয়ায় তিনি ভটভটিতে চালকের পাশে চাদর গায়ে বসে ছিলেন। পথিমধ্যে
অসাবধানতাবসত গায়ের চাদরটি ভটভটির চাকার জড়িয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর কাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।





