একটি শিশুর মৃত্যুর জেরে হামলার ঘটনায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। শুক্রবার একটি বিভাগের ইন্টার্নরা প্রথমে কর্মবিরতি শুরু করেন। শনিবার সন্ধ্যা থেকে পুরো মেডিক্যালের ইন্টার্নরা কর্মবিরতিতে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালে আসা সেবাগ্রহীতারা। 

রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্টার্নদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সরকার মিলন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে পেডিয়াট্রিক বিভাগে লালমনিরহাটের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর ওই শিশুর অভিভাবকরা দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসক রহমত ইমনকে মারধর করে। এ কারণে ওই বিভাগে কর্মবিরতি শুরু করেন ইন্টার্নরা।

তিনি আরো জানান, শনিবার কনফারেন্স রুমে এ নিয়ে হাসপাতাল পরিচালকের সাথে বৈঠকে সুরাহা না হওয়ায় ওইদিন সন্ধ্যা থেকে পুরো হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হয়েছে।

অভিযুক্তদের বিচার ও ইন্টার্নদের নিরাপত্তাসহ চার দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইন্টার্নদের নেতা শাহ নেওয়াজ।

হাসপাতাল পরিচালক ডা: রেজাউল ইসলাম জানিয়েছেন, কিছু ইন্টার্ন চিকিৎসক ধর্মঘট পালন করছে। আনুষ্ঠানিকভাবে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন কোনো ধর্মঘট ডাকেনি।

সরেজমিনে দেখা গেছে, ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন হাসপাতালটিতে ভর্তিসহ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। তারা সাধারণ সেবাটুকুও পাচ্ছেন না। নার্স দিয়ে কোনোমতে চলছে মেডিক্যাল কলেজ হাসপাতালটির চিকিৎসাসেবা।