রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত ১৬ মাসে ৫৩ জন নারী-পুরুষ ও শিশু আত্মহত্যা করেছে। আত্মহত্যার ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে পারিবারিক কলহের জেরে।

বালিয়াকান্দি থানা পুলিশ বিভিন্ন সভা-সেমিনারে আত্মহত্যার কুফল সম্পর্কে অবগত করে আসছে।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৪১ জন গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী ২৫ জন ও পুরুষ ১৬ জন। ২০২১ সালের ১২ এপ্রিল পর্যন্ত ১২ জন আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী তিনজন, শিশু দু’জন ও পুরুষ সাতজন। এদের মধ্যে পেটে ব্যথা, মানসিক রোগী, পারিবারিক কলহসহ বিভিন্ন কারণ উল্লেখ রয়েছে।

প্রতিটি আত্মহত্যার ঘটনায় বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সবশেষ সোমবার উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের রিয়াজুল ইসলাম টুনুর ছেলে স্থানীয় হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আলাউদ্দিন (১৪) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।