সোনারগাঁয়ে রিসোর্টে মামুনুল হককে ঘেরাওয়ের ঘটনার পর হেফাজতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া চেয়ারম্যানের নাম আব্দুর রউফ। তিনি সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সভাপতি। তিনি এর আগে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর করার ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীনের দায়ের করা মামলায় আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে স্ত্রীসহ ঘেরাও করা হয়। এ ঘটনায় তার সমর্থকেরা রয়েল রিসোর্টে, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলান। এ ঘটনায় পুলিশ দুটি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পাঁচটি মামলা করেন। মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত সাত মামলায় পুলিশ মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।