নড়াইলের লোহাগড়া উপজেলার শেখপাড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই এসআই সালাউদ্দিন মিয়া (৪৮) নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন মাগুরায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তিনি শেখপাড়া বাতাসি গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ভাই গিয়াস উদ্দিনকে (২৭) আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ছোট ভাই জসিম উদ্দিনের সাথে বড় ভাই এসআই সালাউদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে পারিবারিক ও গ্রাম্য সালিস হলেও বিরোধ মেটেনি। এরই ধারাবাহিকতায় সালাউদ্দিনের সাথে গতকাল দুপুরে জসিম উদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করে জসিম উদ্দিন। গুরুতর অবস্থায় সালাউদ্দিনকে খুলনায় নেয়ার পথে গতকাল বিকেলে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বের কারণে সালাউদ্দিন মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য সালাউদ্দিনের লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





