মাদারীপুরের রাজৈরে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। গত ২০ এপ্রিল কদমবাড়ি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আশিক বিশ্বাসকে অপহরণ করে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে রাজীব সরকার ওরফে রাজু নামক এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের মা কল্পনা বিশ্বাস।
অভিযোগে বলা হয়, নবপল্লী গ্রামের প্রবাসী হরিদাস বিশ্বাস আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ায় তার স্ত্রী কল্পনা বিশ্বাসের কাছে কদমবাড়ি বাজারের দীঘির পার এলাকার কিশোর গ্যাং রাজু, সজীব, স্বাগতম, ভবতোষ, ডিকে এক লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করায় গত ২০ এপ্রিল মঙ্গলবার বিকেলে কদমবাড়ি কলেজের সামনে থেকে হরিদাস বিশ্বাসের ছেলে কলেজছাত্র আশিক বিশ্বাসকে ধরে অটোভ্যানে করে রাজু সরকার তার গ্যাং সদস্যরা পুকুরিয়া গ্রামের নির্জন বাগানে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে মোবাইলে ভিডিও ধারণ করে আশিকের মায়ের কাছে পাঠায় এবং বলে আজকের মধ্যে টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলা হবে। আশিকের মা কল্পনা বিশ্বাস জানান, অনন্যোপায় হয়ে আমি এক লাখ টাকা সংগ্রহ করে রাজুকে দিয়ে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসি। থানায় অভিযোগ করায় রাজু আমাদেরকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে আমরা নিরাপত্তাহীনতায় আছি।
রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, অভিযোগ পেয়েছি, এসআই ইখতিয়ার আহমদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।





