নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে অবৈধ পিস্তল দিয়ে মসজিদের সামনে মাস্তানি করতে গেলে মুসল্লিদের সহযোগিতায় গ্রাম পুলিশ এক অস্ত্রধারীকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করে।
শনিবার দুপুর ১টার দিকে পুলিশ এ ঘটনায় আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃত নুর মোহাম্মদ (৫৫) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত হাজী রুহুল আমিনের ছেলে।
এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মোশাকপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোশাকপুর গ্রামের জামে মসজিদের কমিটি নিয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মসজিদের সেক্রেটারি হাজী নুর মোহাম্মদের লোকজন অস্ত্র-শস্ত্রসহ প্রতিপক্ষের লোকজনকে আক্রমণের চেষ্টা চালায়। এ সময় তার ছেলেও ভাতিজারা অস্ত্রসহ মসজিদের সামনে মাস্তানি করতে থাকলে উপস্থিত মুসল্লিদের সহায়তায় গ্রাম পুলিশ আ: রহিম অস্ত্রধারী রশীদকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করেন। একপর্যায়ে মুসল্লিদের ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করে। নির্দেশ দাতা আাসামি হাজী নুর মোহাম্মকে (৫৫), আটক করে।
এ ঘটনায় অভিযুক্ত আসামি হাজী নুর হোসেন (৬০), মো: রশীদ (১৮), ও লাল চানের (১৮), বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।





