নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী গনিপুরে আমেনা কটন ইন্ডাস্ট্রি নামক একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কারখানার দুটি সেডই পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন। মঙ্গলবার দুপুরে এ অগুন লাগে।

জানা যায়, কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার দুটি শেডে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইন্ডাস্ট্রির দুটি শেড পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: সোলায়ামান দাবি করেন।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশান কমান্ডার জহিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।