বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘরের পাশে জোয়ারের পানিতে পড়ে চার বছরের এক শিশু মারা গেছে।

বুধবার দুপুরে উপজেলার চালতেবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিনিয়া আক্তার জেলার মোড়েলগঞ্জ উপজেলার চালতেবুনিয়া গ্রামের কালাম গাজীর মেয়ে।

খাউনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, এদিন দুপুর একটার দিকে জিনিয়াকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিনিয়াকে মৃত ঘোষণা করেন।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে পানগুছি নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। ওই পানিতে চালতেবুনিয়া গ্রামের কালাম গাজীর ঘরের পাশে একটি নালা পরিপূর্ণ হয়ে যায়। হঠাৎ করে তার চার বছর বয়সি শিশু মেয়ে জিনিয়া ওই নালায় পড়ে গেলে পানিতে ডুবেই তার মৃত্যু হয়।