রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা গ্রামে গৃহপরিচারিকাকে পরকীয়ার পর বিয়ে করা হলেও স্ত্রীর অধিকার চাওয়ায় হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারী।

নির্যাতিতা নারী বলেন, ২৫ বছর আগে মরাবিলা গ্রামে আমার বিয়ে হয়। বিয়ের ১৫ বছর পর আমার স্বামী মারা যান। তবে ওই ঘরে আমার ২২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি বলেন, বিয়ের পর আর্থিক কষ্টের কারণে মরাবিলা গ্রামের আজিম উদ্দিন মন্ডলের ছেলে ও বর্তমান স্বামী হোসেন মন্ডলের (৪৫) বাড়িতে কাজকর্ম করে জীবনযাপন করতাম। হোসেন আলীর বাড়িতে থাকার সুবাদে তার সাথে আমার ১০ বছরের সম্পর্ক রয়েছে। তিনি আমার বাড়িতেই আমার সাথে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতেন। যা এলাকার সবাই অবগত। ২০১৯ সালের জানুয়ারি মাসে হোসেন মন্ডল আমাকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। আমি ১০ মাস আগে তার বাড়িতে স্ত্রীর অধিকার নিয়ে বসবাস করার কথা বলার পর তিনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও তাদের কথা মানেন না হোসেন মন্ডল। পরে আমার বাড়িতে এসে তিনি আমাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার হুমকি দেন।

বিধূবা এই নারীর অভিযোগ, হোসেন মন্ডলের হুমকিতে আমার ছেলে গ্রামে আসতে সাহস পায় না। গত ২৫ মে বেলা ১২টার দিকে আমার বাড়ির সামনে হোসেন মন্ডলের সাথে দেখা হলে তাকে বাড়িতে আসার জন্য বলি। এ কথা বলা মাত্রই আমাকে অকথ্যভাষায় গালাগাল করে বলেন, ‘তোর সাথে কোনো সম্পর্ক নেই। তোকে কোনোভাবেই আমার বাড়িতে নিব না। বেশি বাড়াবাড়ি করলে পৃথিবী থেকে চিরবিদায় করে দিব।’ এ কারণে শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে হোসেন মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।