জয়পুরহাটের পাঁচবিবিতে অপরিকল্পিতভাবে নদী খনন করায় শিমলতলী সেতু হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় সেতুটির পশ্চিম অংশে নদীতে ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, কয়েক দিনের প্রবল বর্ষণে গত শুক্রবার রাত থেকে পাঁচবিবির ছোট যমুনা নদীতে পানির ঢল নামায় খননকৃত নদীর শিমলতলী সেতুর পশ্চিম পাড়ে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে সেতুসহ সংযোগ সড়ক হুমকির মুখে পড়েছে। ভাঙনে নদী তীরবর্তী বিদ্যুতের পোল নদীতে চলে চলে গেলে পশ্চিম পাড়ের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিলে রাতেই ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবমান হোসেন, পাঁচবিবি এলজিইডি প্রকৌশলী কাইয়ুম হোসেন, অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব যান। গত শনিবার সকালে এলাকার লোকজন সেতু রক্ষার দাবিতে সেতু অবরোধ করেন। পরে খবর পেয়ে জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক লোকজনকে শান্ত থাকতে বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানান। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, সেতু রক্ষার্থে দু-এক দিনের মধ্যেই বালুর বস্তা ও সিসি ব্লক ফেলার পরিকল্পনা নেয়া হয়েছে।
এলাকার মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, চিনিকলের সাবেক শ্রমিক নেতা বাবুল করিমসহ অনেকে জানান, অপরিকল্পিতভাবে নদী খনন ও সেতুসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বালু উত্তোলন বন্ধে ইতিপূর্বে কয়েকবার প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার চেঁচড়া সীমান্ত থেকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা পর্যন্ত ২৩ কিলোমিটার দৈর্ঘ্য, ৩০ মিটার প্রস্থ ও দুই মিটার গভীরতায় নদীর খনন শুরু হয়েছে।