নাটোরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়ে কারাগারে গেছে জেলার গুরুদাসপুর উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যানের ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতির ছেলে। একইসাথে আটক আল আমিন হীরা ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের ভাতিজা। এ সময় তার সাথে আরো একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আটক হীরা ও নুর ইসলামকে পুলিশ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নাটোর থানা সূত্রে জানা গেছে, নাটোর শহরের বলাড়িপাড়া এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হওয়ার পর হীরা ও নুর নামে দু’জনকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক আল আমিন (হীরা) গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদের ছেলে এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিনের আপন ভাতিজা। অপরজন নুর ইসলাম গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় গাড়িষাপাড়ার হাজি মোহাম্মদ কাজেম প্রামাণিকের ছেলে।
বুধবার সন্ধ্যায় শহরের বলাড়িপাড়া মহল্লার ঠিকাদার মির্জা খোকনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এমএন ট্রেড অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি করতে যায় হীরা ও নুর ইসলাম। এমএন ট্রেড অফিসের সিসিটিভিতে ওই চোরদের লক ভাঙার দৃশ্য দেখতে পান ঠিকাদাররা। সিসিটিভির ফুটেজ দেখে তৎক্ষণাৎ দুই মোটারসাইকেল চোরকে হাতেনাতে আটক করের তারা। পরে উত্তম মাধ্যাম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।









