রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির বিশাল এক ঢাই মাছ। বুধবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকার পদ্মা নদীতে নুরাল হাওলাদারের জালে ধরা পড়ে মাছটি। বৃহস্পতিবার সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মন্ডলের আড়তে বিক্রির জন্য নেয়া হয়।
এ সময় মাছটি দেখতে লোকজন সেখানে জড়ো হন। মাছটির ওজন হয় সাড়ে সাত কেজি। পরে ডাকের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ দুই হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলেরা জানায়, পদ্মার ঘোলা পানিতেই ঢাই মাছের আবাস। আগে পদ্মার ভরা যৌবনের সময় ঢাই মাছ প্রায়ই পাওয়া যেত। স্রোত ও গভীরতার সাথে ঢাই মাছের প্রজন্ন ও বৃদ্ধি হয়। তাই সচরাচর ঢাই মাছ দেখা যায় না। সুস্বাদু একটি মাছ ঢাই। কিন্তু সচরাচর এর দেখা মেলে না।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ঢাই মাছ এখন আর সহজে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর একটি ঢাই মাছ দেখা গেল। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনেছি। পরে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি ঢাকায় তিন হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করে দেন।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বিরল প্রজাতির ঢাই মাছ এখন আর দেখা যায় না। ভবিষ্যাতে পদ্মা থেকে ঢাই মাছ ধরে ডিম ফুটায়ে পোনা উতপাদন করার পরিকল্পনা সরকারের আছে। এজন্য ঢাই মাছ না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।









