বগুড়া শহরের বারোপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আবুল হোসেন (৩৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সোয়া ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা এলাকার মৃত সবুজ হোসেনের ছেলে।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ঢাকাগামী ট্রাকের সাথে ঢাকা থেকে রংপুরগামী নাবিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকড্রাইভার মারা যান। পুলিশ বাস ও ট্রাকটি উদ্ধার করেছে। হাইওয়ে পুলিশ, উপশহর পুলিশ ফাঁড়ির একটি টিম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করেছেন।

বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে।