বগুড়ার শাজাহানপুরে চোর ধরতে এক মুরগির ফার্মের বেড়ার সাথে বিদ্যুৎ সংযোগ দেয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার গোহাইল ইউনিয়নের খণ্ডক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। সে গোহাইল গ্রামের ফারুকের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী ধরতে খণ্ডক্ষেত্র গ্রামের ওই মুরগির ফার্মের জিআই তারের বেড়ার সাথে গোপনে বিদ্যুৎ সংযোগ দেন। এমন অবস্থায় খেলার ছলে শিশু শিহাব বেড়া স্পর্শ করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনা ধামাচাপা দিতে ফার্মের মালিক চাপ দেন শিশুর পরিবারকে।
শিশু শিহাবের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ফার্মের মালিক আবদুুু মান্নান বলেন, তেমন কিছু না। বাইরে বিদ্যুৎ লাইন টানার সময় অসাবধানতাবশত ছেলেটি ফার্মের বেড়া ধরায় এঘটনা ঘটে।
এ ব্যাপারে সোমবার রাত ১২ টায় শাজাহানপুর থানার এসআই সোহেল আহমেদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে রাজি হয়নি। পরে রাত ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাপসাতালে পাঠানো হয়।
তবে শিশুটির মৃত্যুর ঘটনায় রাষ্ট্রবাদী মামলা হওয়া একান্ত প্রয়োজন বলে এলাকার সচেতন মহল মনে করছেন।