ঢাকার আশুলিয়ার একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে আশুলিয়ার সুবন্ধি এলাকার সামছুল ডাক্তারের মালিকানাধীন একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় জানান, সকালে ওই নারীর লাশ বাঁশঝাড়ের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরের দিকে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের গলায় আঙ্গুলের ছাপ রয়েছে বলেও জানান তিনি।









