মুন্সীগঞ্জের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলমের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, সকাল ১০টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শাহ আলম। এ সময় কুমিল্লাগামী মুরাদনগর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বাস ও বাসচালক বাবুল মোল্লাকে আটক করেছে বলেও জানান ওসি।