টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের রুহুল আমিন (২৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের লাশ পাওয়া গেছে। লাশটি পাশের সখিপুর উপজেলার একটি খালে পাওয়া গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলা রামদেবপুর গ্রামের লাবু মিয়ার ছেলে রুহুল আমিন। তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী। তিনি প্রায় সময়ই বাড়ির বাইরে থাকতেন।

গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে আসেননি।

এ অবস্থায় বুধবার সকালে পাশের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খালের ব্রিজের নিচ থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি মাছ ধরার জালে আটকে ছিল।

ইন্দারজানি গ্রামের জেলে জবান আলী জানান, সে প্রতিদিন মাদলা খালে ফাঁস জাল পেতে মাছ ধরেন। প্রতিদেনের মতো বুধবার সকালে জাল থেকে মাছ ছাড়াতে গিয়ে জালে একটি লাশ আটকে থাকতে দেখেন। তিনি বিষয়টি স্থানীয়দের জানান, খবর পেয়ে রুহুল আমিনের বাবাসহ তার পরিবারের লোকজন গিয়ে লাশটি সনাক্ত করেন। পরে সখিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের প্রতিবেশী মাদরাসাশিক্ষক আবদুস সামাদ বলেন, রুহুল আমিন একজন মানসিক রোগী ছিলেন। তিনি সাঁতার জানতেন না। অসাবধানতাবশত সেতুর ওপর থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারে।

সখীপুর থানার উপপরির্দশক (এস আই) জয়নাল আবেদীন বলেন, তিনি একজন মানসিক রোগী। এ ব্যাপারে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রুহুলের বাবা নিজেই লাশটি সনাক্ত করেছেন। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।