ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী সিদ্দিককে গরম পানি নিক্ষেপ করে ঝলসে দিয়েছেন স্ত্রী মাজেদা বেগম। ঘটনায় অভিযুক্ত মাজেদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক মো: কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। আশুলিয়ার বগাবাড়ি এলাকার মোফাজ্জলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

জিজ্ঞাসাবাদের জন্য আটক মাজেদা বেগম কুড়িগ্রামের উলিপুর থানাধীন অমানন্দ এলাকার গফুর সরকারের মেয়ে। তিনি বগাবাড়ি এলাকায় ভাড়া বাসায় স্বামী সিদ্দিকের সাথে বসবাস করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার ভোরে মাজেদা ও তার স্বামী সিদ্দিকের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী মাজেদা তার স্বামীর শরীরে গরম পানি নিক্ষেপ করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে সিদ্দিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যায়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিদ্দিকের স্ত্রী মাজেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক কায়সার হামিদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিদ্দিকের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। উভয় পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে ঘটনা শুনে ব্যবস্থা নেয়া হবে।

সিদ্দিককে হাসপাতাল থেকে প্রাথামিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।