কাজীরহাট-আরিচা রুটে চলাচলকারী চারটি ফেরির মধ্যে তিনটিই বিকল হয়ে পড়েছে। ফলে কাজীরহাট ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহনের লাইন পড়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে চার কিলোমিটার দীর্ঘ যানজট। যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ নৌপথে চলাচলকারী চারটি ফেরির মধ্যে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নামের দু’টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে শুক্রবার থেকে সুফিয়া কামাল ফেরিটিও বিকল হয়ে পড়ার পারাপারের এ সমস্যা সৃষ্টি হয়েছে।
কাজীরহাট ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। যশোর থেকে মাল বোঝাই ট্রাক নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে কাজিরহাট ফেরিঘাটে পৌঁছান ট্রাকচালক আসিফ হোসেন। শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারেননি তিনি।
ঘাট কর্তৃপক্ষের ভাষ্য, আরিচা ঘাটে পল্টুনে ওঠার রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ায় সমস্যা আরো বেড়েছে। বিকল্প ফেরির বিষয়ে কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, পাটুরিয়া ঘাট থেকে খান জাহান আলী নামের একটি ফেরি নিয়ে আসা হয়েছে। তবে দীর্ঘ যানজট নিরসনে সময় লাগবে বলে তিনি জানান।
জানা যায়, প্রায় ১৬ বছর আগে নদীতে নাব্যতা-সঙ্কটের কারণে আরিচা থেকে পাটুরিয়ায় স্থানান্তর করা হয় ফেরিঘাট। এর পর থেকে দেশের অন্যতম নৌবন্দর আরিচায় ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় পাবনা, নাটোর, রাজশাহী ও সিরাজগঞ্জের অধিকাংশ এলাকার মানুষ রাজধানী ঢাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েন।