পাবনার সাঁথিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের এক অসহায় দরিদ্র বিধবার ইজ্জতের মূল্য দেয়া হয়েছে মাত্র ১০ হাজার টাকা। ওই বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত দানেজ মোল্লার ছেলে মাজেদ মোল্লার (৬৫) বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, হতদরিদ্র বিধবা (৬২) শুক্রবার সকালে বাড়ির পাশে ট্রেন রাস্তার উত্তর পাশে পাটের জমিতে শাক তুলতে গেলে পাটের জমিতে থাকা মাজেদ মোল্লা (৬৫) তাকে জাপটে ধরে ধর্ষণ করে। এ সময় মহিলার চিৎকারের শব্দ পেয়ে গ্রামের লোকজন এগিয়ে গেলে ধর্ষক দৌঁড়ে পালায়। এ ঘটনার পর শুক্রবার রাতে রঘুরামপুর গ্রামের আজগর আলীর বাড়িতে মীমাংসার চেষ্টা চললেও তা ব্যর্থ হয়। পরে শনিবার ধর্ষিতা বিধবা দুই আত্মীয়কে সাথে নিয়ে সাঁথিয়া থানায় মামলা করতে যান। অজ্ঞাত কারণে থানা পুলিশ রাত ১২টা পর্যন্ত থানায় মহিলাকে বসিয়ে রাখে। পরে দুই পক্ষের সম্মতিতে থানা চত্বর থেকেই ধর্ষিতাকে ১০ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে তাড়িয়ে দেয়া হয়। রোববার সকাল থেকেই অসহায় বিধবাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। ধর্ষকের আত্মীয়দের ভয়ে ওই মহিলা বাড়িছাড়া বলে স্থানীয়রা জানান।
সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দুকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।