বাগেরহাটে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন আর নেই। বুধবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি স্ত্রী ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দৈনিক জনতা ও ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাটে শোকের ছায়া নেমে এসেছে। বাগেরহাটের প্রবীণ এই সাংবাদিক একাধারে ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বাগেরহাট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাগেরহাট জেলা পুলিশিং কমিটির বর্তমান সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য।
বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি জানিয়েছেন, বাগেরহাট স্বাধীনতা উদ্যানে তার নামাজে জানাজা শেষে শহরের ছোট কবরস্থানে দাফন সম্পন্ন হয়।