অসুস্থ মাকে দেখতে বাবার বাড়ি যেতে না দেয়ায় অভিমানে কীটনাশক পানে গৃহবধূ সাথী খাতুন (২২) আত্মহত্যা করেছেন।

গৃহবধূ সাথী খাতুন চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা কাজীপাড়া গ্রামের আবদুল মালেকের স্ত্রী। সোমবার সকালে তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, সাথী খাতুনের মা চায়না খাতুন অসুস্থ হলে তিনি রোববার রাতে মাকে দেখতে যাওয়ার কথা স্বামীকে জানান। কিন্তু স্বামী আব্দুল মালেক স্ত্রীকে বাবার বাড়ি যেতে নিষেধ করেন। অসুস্থ মাকে দেখতে যেতে না দেয়ায় স্বামীর ওপর অভিমান করে সাথী খাতুন ঘরে রাখা কীটনাশক পান করেন। কিছুক্ষণ পর অসুস্থ হলে প্রথমে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে সোমবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।