নরসিংদীর শিবপুরে নির্মানাধীন বাড়ির ছাদ থেকে পড়ে মোহন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামের পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোহন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামের পূর্বপাড়া এলাকার মোমেন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কুমরাদী গ্রামের পূর্বপাড়ায় সালুরদিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম বসবাসের জন্য ভবন নির্মাণ করছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহনসহ চার শিশু ওই ভবনের ছাদে খেলতে যায়। একপর্যায়ে মোহন ছাদ থেকে পড়ে যায়। এর পর তার সাথে থাকা শিশুরা বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ওই সময় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানউল হক এলিছ জানান, নিহত শিশুটির বাবা মোমেন মিয়া আমাকে বিষয়টি জানিয়েছেন। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাহউদ্দিন মিয়া জানান বিষয়টি মৌখিক ভাবে অবগত হয়েছি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।