গাজীপুরের শ্রীপুরে একটি বস্তা ভর্তি পাঁচটি কঙ্কাল ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার চন্নাপাড়া ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকা থেতে বস্তা ভর্তি ওই কঙ্কাল উদ্ধার করেন স্থানীয়রা।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জানান, সোমবার সকালে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকার একটি পারিবারিক কবরস্থানের পাশের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম মাদরাসার পাশে একটি বস্তা দেখেন স্থানীয়রা। তারা বস্তা খুলে ভেতরে মানুষের পাঁচটি কঙ্কাল দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতে ওই কবরস্থানের কয়েকটি কবর খুঁড়ে বস্তা ভর্তি করে কঙ্কাল চুরি নিয়ে যাওয়ার সময় লোকজন টের পাওয়ার ভয়ে কঙ্কাল ভর্তি বস্তা সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়ার চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, বস্তা ভর্তি কঙ্কাল পাওয়ার সংবাদ শুনেছি। তবে এখনপর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।









