ভোলার চরফ্যাশনে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো: স্বপন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরিফ (১৬) ও রাকিব (১৭) নামে আরো দুই কিশোর। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত স্বপন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর মাঝির ছেলে। জাহানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
নিহতের স্বজনরা জানান, জাহানপুর থেকে রোববার রাত সাড়ে ৮টার সময় মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু স্বপন, আরিফ ও রাকিব বেতুয়া নদীর পাড়ে ঘুরতে যায়। পথে চরমাদ্রাজ ইউনিয়নের কেরামগঞ্জ বাজার এলাকার চৌমুহনীর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাথরের তৈরি বক্সের সাথে ধাক্কা লেগে আহত হন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে স্বপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেয়ার পথে সোমবার ভোরে মারা যান স্বপন।









