সাতক্ষীরার সীমান্তের ইছামতি নদীর ভাতশালা এলাকা থেকে হাত, পা ও মাথাকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার বিকেল ৩টার দিকে বাংলাদেশ সীমান্তের দেবহাটা উপজেলার ভাতশালা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সামছুদ্দিন জানান, ভাতশালা টহলক্যাম্প থেকে কিছু দুরে সীমান্তের ইছামতি নদীতে হাত, পা ও মাথা বিহিন একটি লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।
স্থানীয়রা ধারণা করছেন, লাশটি ভারতীয় কোনো নাগরিকের হতে পারে। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্তে এসেছে।
বিজিবি সেখানে এসে লাশটি ভাসতে দেখে বিষয়টি দেবহাটা থানা ও বিজিবি অধিনায়ককে জানান।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি একজন নারীর। তবে লাশের সাথে মাথা না থাকায় পরিচয় মেলানো কঠিন। লাশটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









