কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে পরিত্যক্ত খাসজমিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আওয়ামী লীগের একটি অফিস নির্মাণ করা হয়। তবে স্থানীয় একটি মহল ওই অফিসটিকে চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান উল্লেখ করে ভুল তথ্য দিয়ে জেলা প্রশাসকের বরাবর অভিযোগ করায় দেখা দিয়েছে বিপত্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন উচ্ছেদ মামলা দায়ের করেছে। এছাড়াও ইউপি আওয়ামী লীগের অফিসকে অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করার জন্য গত ২৭ এপ্রিল জেলা প্রশাসন থেকে চেয়ারম্যান সিরাজুল ইসলাম চেয়ারম্যনকে নোটিশ দেয়া হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কোনো অফিস ছিল না। তাই ২০১৯ সালে শেষের দিকে পরিত্যক্ত জমিতে অফিস নির্মাণ করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম চালানো হচ্ছে। এটি সিরাজুল ইসলাম চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান নয়। সাম্প্রতিক সময়ে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল অফিসটি উদ্বোধন করেন।
এ ব্যাপারে এলাহাবাদ ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, এটি আমার ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান নয়। এটি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অফিস। একটি কূচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসাবশত প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে অফিসটি উচ্ছেদ করার করতে বলেছে। আমরা প্রশাসনের কর্মকর্তাদেরকে সরেজমিন বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করছি।