মাগুরা হাসপাতাল পাড়ায় হরিজন সম্প্রদায়ের সুইপার কলোনি থেকে মানিক লাল ডোম (৪২) নামের এক পরিচ্ছন্নকর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জয়নাল আবেদীন জানান, ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ বাড়ির একই কক্ষে মঙ্গলবার দিবাগত রাতে ঘুমিয়ে ছিল মানিক লাল। ১ মাস ধরে তার স্ত্রী চুয়াডাঙ্গা থাকায় রাতে বাড়িতে আর কেউ ছিল না বলে মানিকের ভাই হীরা লাল জানায়। ভোর রাত ৪টার দিকে ছেলে ঘুম ভেঙ্গে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ অবস্থায় শিশু শান দ্রুত পাশের বাড়িতে থাকা বড় ভাই আসন ও কাকা হীরা লালকে খবর দেয়। পরে তারা এসে মানিক লালকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনার পরপরই খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মানিক লাল মাগরা পৌরসভার পরিচ্ছন্নকর্মী ছিলেন।
তিনি আরো জানান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কাউকে আটক করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মামলার প্রস্তুতি চলছে।





