সৌদি প্রবাসী ফারহান সবুজের সাথে বনিবনা না হওয়ায় প্রেমিকা ফাতেমা আক্তার (১৯) আত্মহত্যা পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার মিরকাদিম পৌরসভার কাঠালতলা এলাকার আহম্মেদ হোসেনের মেয়ে।
এলাকাবাসী জানান, সাত বছর ধরে সৌদি প্রবাসী মো: ফারহান সবুজ নামের এক ছেলের সাথে ইমুতে প্রেম চলে আসছিল ফাতেমার। সাত বছরের প্রেমিক-প্রেমিকার মধ্যে কখনো তাদের দেখা হয়নি। ফাতেমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইলে সৌদি প্রবাসী ফারহান নানা ভাবে তাকে হুমকি ধমকী দিত। পরে ফাতেমার পরিবার ফারহানের কাছে বিয়ে দিতে রাজি হয়। গত সপ্তাহে পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু গত তিন দিন আগে ফাতেমাকে ফারহান বিভিন্ন কারণের সন্দেহ করে বকাঝকা করে। পরে ফাতেমা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের মা বলেন, গত সপ্তাহে পারিবারিকভাবেই ফারহানের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু গত তিন দিন ধরে ফাতেমা খাবার খায় না। জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। আজ একটার দিকে রান্না বসিয়ে পুকুরে পানি আনতে গেলে এই সুযোগে ফাতেমা ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে ছোট ছেলে দরজা ভেঙে ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিমার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।









