চাঁদপুরের শাহরাস্তিতে অজ্ঞাত দুর্বৃত্তের হাতে নুরুল আমিন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা খুন হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী কামরুন নাহার (৬১)। বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি থানা পুলিশ নিহতের বাড়ি পৌর শহরের নাওড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে। বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, ওই বাড়িতে তিনি ও তার স্ত্রী বসবাস করতেন। বুধবার হতে নিহতের সন্তানরা তাদের মুঠোফোনে না পেয়ে প্রতিবেশী শামছুল হক পাটোয়ারীকে বাড়িতে খোঁজ নেয়ার অনুরোধ জানান। তিনি বাড়ির সম্মুখ গেট তালাবদ্ধ ও জানালা দিয়ে রক্তাক্ত অবস্থায় কামরুন্নাহারকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।
হতাহত দম্পতির মেঝো মেয়ে জান্নাতুন নূর মিলি জানান, মঙ্গলবার রাত ৮টা ৭ মিনিটে মোবাইলে মায়ের সাথে সর্বশেষ কথা হয়েছিল। শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান জানান, এখানে কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।