ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার উপজেলা সদরে সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ জানান, গত বুধবার উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষায় সাতজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইউএনও, তার স্ত্রী ও তাদের বাসার এক নারী রয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত বলেন, গত শনিবার থেকে হঠাৎ করে আমি ও আমার পরিবারের তিনজনের জ্বর অনুভত হয়। তাদের শরীর ও গলা ব্যথাও শুরু হয়। পরে বুধবার করোনা পরীক্ষার জন্য তিনজন নমুনা দেই। বর্তমানে সবাই ভালো আছি। চিকিৎসকের পরামর্শ মতে ওষুধ খাচ্ছি।