কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ছাদবাগান থেকে সবজি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে নাছির উদ্দিন মজুমদার (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বড় ফতেপুর গ্রামে মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নাছির উদ্দিন মজুমদার ওই গ্রামের মজুমদার বাড়ির মৃত মাস্টার ছেরাজুল হক মজুমদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়নের বড় ফতেপুর গ্রামের মৃত মাস্টার ছেরাজুল হক মজুমদারের ছেলে প্রবাসী নাছির উদ্দিন মজুমদার শুক্রবার দুপুরে রান্না করার জন্য সবজি তুলতে নিজ ঘরের ছাদ বাগানে যান। এ সময় অসাবধানতা বসত পা পিচলে ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






