দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকরা কাটারিভোগ ধান চাষে লাভবান হচ্ছেন। অন্যান্য জাতের ধানের মতো একই উৎপাদন খরচ ও একই ফলন হলেও বাজারে কাটারিভোগ ধানের চাহিদা ও দাম দুটোই বেশি হওয়ায় কৃষকদের বাড়তি লাভ হচ্ছে।
গত কয়েক দিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর ব্যাপকভাবে কাটারিভোগ ধান চাষ হয়েছে। একাধিক কৃষকের সাথে কথা হলে তারা জানান, বোরো মৌসুমে অন্যান্য জাতের ধান চাষ করতে যে পরিমাণ উৎপাদন খরচ হয়, কাটারিভোগ ধান চাষ করতেও একই উৎপাদন খরচ হয়। অন্যান্য জাতের ধানের মতো কাটারিভোগ ধানও একই ফলন হয়। বাজারে কাটারিভোগ ধানের দাম ও চাহিদা বেশি থাকায় তারা কাটারিভোগ ধান চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন।
বারকোনা গ্রামের ধান চাষি আজিজুল ইসলাম বলেন, অন্যান্য জাতের ধান চাষ করতে প্রতি একরে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। একই পরিমাণ খরচ হয় কাটারিভোগ ধান চাষ করতেও। অন্যান্য জাতের ধান একর প্রতি ৬০ থেকে ৭০ মণ উৎপাদন হয়, একই ভাবে কাটারিভোগ ধানও একর প্রতি ৫০ থেকে ৬০ মণ উৎপাদন হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, এ বছর এই উপজেলায় ৪ হাজার ৪৭৫ একর জমিতে কাটারিভোগ ধান চাষ হয়েছে। প্রতি একরে ৬০ থেকে ৬৫ মণ ধান উৎপাদন হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, কাটারিভোগ ধান মাঝারি উঁচু জমির পলি ও দোঁআশ মাটিতে উৎপাদন ভালো হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে সময় মতো বীজ সার ও কৃষকদের সঠিক পরামর্শ দেয়ার কারণে কাটারিভোগ ধানসহ অন্যান্য জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।