রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাড়া বাসায় এক নারীকে নিয়ে আসায় স্থানীয় যুবকদের মারধরের শিকার হয়েছেন মো: মশিউর রহমান নামে স্থানীয় স্বাস্থ্য সহকারী।
শনিবার দুপুরে এক নারীকে নিয়ে জামালপুর বাজারের ভাড়া বাসায় প্রবেশ করায় স্থানীয় কতিপয় যুবকের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন তিনি।
তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে। উপজেলার জামালপুর-২ এলাকার স্বাস্থ্য সহকারীর দায়িত্ব পালন করছেন তিনি।
স্থানীয়রা জানায়, মো: মশিউর রহমানকে নারীসহ আটকের পর চড় থাপ্পর দিয়ে ছেড়ে দেয়। এর আগেও তিনি বিভিন্ন সময় মেয়েদের নিয়ে ওই ভাড়া বাসায় অবস্থান করাসহ অপকর্ম করে আসছেন। বিষয়টি টের পেয়ে তাকে ধরতে আগে থেকেই ওঁৎ পেতে থাকে স্থানীয় যুবকরা। তারাই শনিবার তাকে ধরে মারধর করে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য সহকারী মশিউর রহমান বলেন, ‘পাংশায় আমার এক সহকর্মীর আত্মীয়, ওই মেয়ের সাথে জামালপুরে আমার দেখা হয়। তাকে বালিয়াকান্দি দিয়ে আসতে বলেন। আমি ওষুধ কিনে বাসায় তাকে নিয়েই যাই। বাসায় যাওয়ার পাঁচ-ছয় মিনিট পরই অপু ও তবুলসহ কয়েকজন যুবক বাসায় ঢোকে। তারা আমার কাছে টাকা দাবি করে। টাকা না দিলে মারধর করে বলে যায়।’
তবে মেয়েটি তার পূর্ব পরিচিত বলেও স্বীকার করেন মশিউর। এ ব্যাপারে জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।





