নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফিল্মী স্টাইলে এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করে হত্যার ঘটনায় তিন আসামিকে আটক করেছে পুলিশ।

রোববার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, এজাহারে নাম থাকা আসামি উপজেলার হাইজাদী ইউনিয়নের গ্রামের মোজাম্মেলের ছেলে এনামুল (২২), একই গ্রামের শফিকুলের ছেলে ফেরদৌস (১৯) ও সন্দেহভাজন আসামি উপজেলা দক্ষিণ পাড়া গ্রামের দিল মোহাম্মদ (২৭)।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, প্রথমে সোনারগাঁয়ের তালতলা থেকে ফেরদৌসকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মোতাবেক নরসিংদী থেকে এনামুল ও নিজ বাড়ি উপজেলার দক্ষিণপাড়া থেকে দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

নিহত ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আব্দুল খালেকের ছেলে (৪২)। তিনি চাল ব্যবসায়ী।

নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওই সময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দালানে হাত-পা বেঁধে ফেলে রাখে। এর আগে মুখ বেঁধে তাকে নির্যাতন করা হয়। পরে তাকে হত্যা করা হয়।

ওসি আরো জানান, এই ঘটনায় জড়িত বাকীদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।