কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার সময় বাজার কমিটির সভাপতির বাধার মুখে পড়েন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম। এ ঘটনায় বৃহস্পতিবার বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ ২০ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার সন্ধায় রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে সহকারী কমিশনার ভূমি আকলিমা বেগম করোনার বিস্তার প্রতিরোধে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যান। সেখানকার এক চা বিক্রেতা ফরকেরহাট উচ্চবিদ্যালয়ের গেটের পাশেই খোলা জায়গায় সরকারি বিধি অমান্য করে দোকান বসালে এসিল্যান্ড তা উচ্ছেদের নির্দেশ দেন। এরই জের ধরে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সেখানে উপস্থিত হয়ে এসিল্যান্ডের কাজে বাধা দেন এবং পরিবেশ উত্তেজিত করে এসিল্যান্ড ও পুলিশের সাথে মারমুখী আচরণ করেন। ঘটনাটি প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোনে ভিডিও করা হলে সেই মোবাইল ফোনটি মঞ্জুরুল ইসলাম কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন বলে জানান প্রতক্ষ্যদর্শীরা। তবে সেই চা বিক্রেতা প্রতিবাদ না করেই প্রশাসনের নির্দেশনায় দোকানটি সরিয়ে নেন বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম জানান, সরকারি কাজে বাধা দেয়ায় মামলা হয়েছে। এটি এখন আদালতের বিষয়।
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। উল্টো আমাকেই আঘাত করে আহত করা হয়েছে। আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এসিল্যান্ডের নেতৃত্বে ফরকেরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাজার কমিটি সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বাজারের কিছু লোক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ওপর চড়াও হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ায় রাজারহাট থানার এএসআই আব্দুল্ল্যা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
কুড়িগ্রামে মোবাইল কোর্টের ওপর চড়াও বাজার কমিটি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার সময় বাজার কমিটির সভাপতির বাধার মুখে পড়েন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি)...





