ভোগান্তির আরেক নাম জয়পুরহাটের কালাইয়ের তেলিহার-ভাটাহার সড়ক। পাইকপাড়াসহ কয়েকটি গ্রামের শতশত মানুষ পোহাচ্ছে দুর্ভোগ। যুগের পর যুগ কাঁচা রাস্তার কাঁদাতে স্থবির হয়ে পড়েছে তাদের জনজীবন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বাইপাস রাস্তা হিসেবে পরিচিত এ রাস্তা। এলাকার তিন কিলোমিটারেরও বেশি কাঁচা রাস্তাটি এখনো পাকা হয়নি। এই এলাকায় রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, কয়েকটি আদর্শ গুচ্ছগ্রাম ও হাটবাজার। এই মাটির রাস্তা পাকা না হওয়ায় স্থানীয়দের অভিযোগের অন্ত নেই। কর্মহীন হয়ে পড়েছে ভ্যান, অটোরিকশা ও শ্যালোচালিত ট্রলির চালকরা। স্থানীরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বেচাকেনাও করতে পারছেন না।
উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী এলাকার মানুষের দুর্র্ভোগের কথা স্বীকার করে বলেন, এ এলাকার রাস্তার কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব রাস্তা সংস্কারের চেষ্টা করছি। তেলিহার-ভাটাহারের মতো ১৫টি গ্রামে মানুষ কাঁদার মধ্যে চলাচল করছে।
এ দিকে এলজিইডির নির্র্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন বলেন, আমাদের ৪ ক্যাটাগরিতে রাস্তা হয়। জেলায় ৭১১টি এলজিইডির রাস্তা আছে। এর মধ্যে ৫৪৬ কিলোমিটার রাস্তা এখনো কাঁচা আছে। এর মধ্যে তেলিহারের রাস্তাটি আইডি হয়েছে। ভাটাহারের রাস্তার আইডির ব্যাপারে মিটিং হয়েছে। জেলার অন্যান্য কিছু কাঁচা রাস্তার আইডি করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে কাজ করা হবে।