পদ্মা নদীতে নিরঞ্জন হালদারের জালে ধরা পড়েছে একটি বিশার আকৃতির বোয়াল মাছ। শনিবার মাছটি ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। ১৩ কেজি ওজনের মাছটি শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য জেলে নিরঞ্জন হালদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে এলে মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ এক হাজার ৭০০ টাকা কেজি দরে ২২ হাজার ১০০ টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
এ সময় মাছটি দেখতে স্থানীয় ও দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারীরা ভিড় জমায়।
জানা যায়, শুক্রবার রাতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নিরাঞ্জন হালদার পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘ সময় তেমন কোনো মাছের দেখা না পেলেও ভোর রাতের দিকে বড় একটি বোয়াল মাছ জালে আটকা পড়ে। এ সময় জেলে নিরঞ্জন হালদার ও নৌকায় থাকা তার সঙ্গীরা দীর্ঘ সময় চেষ্টা করে মাছটি নৌকায় তোলেন।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, বড় বোয়াল মাছটি জেলের কাছ থেকে কিনতে পেরে আমি খুব খুশি হয়েছি। সম্প্রতি পদ্মায় বেশ কিছু বড় বড় মাছ ধরা পড়লেও সাধারণত এত বড় বোয়াল খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনেই ঢাকার এক ব্যবসায়ীর সাথে ফোনে যোগাযোগ করে তার কাছে একটু লাভে বিক্রি করে দেই।









