কুমিল্লার দেবিদ্বার সড়কে দ্রুতগামী লড়ি কেড়ে নিল তবদল হোসেন সরকার (৬০) নামে এক ব্যক্তির প্রাণ। বুধবার বেলা সোয়া ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী নদীর ব্রিজের উত্তর পাড় ভিংলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ১৪ চাকার একটি ডিস্ট্রিক লড়ি দ্রুত যাচ্ছিল। এ সময় আমি স্লো করে যেতে সিগ্নাল দেই। কারণ ওই মুহূর্তে দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একজন যাত্রী আমার অটোতে উঠতে এগিয়ে আসছিলেন। আসার আগেই তাকে পিস্ট করে লড়িটি চলে যায়। সাথে সাথে আহত ওই বৃদ্ধকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেল পৌনে ৬টার দিকে মৃত ব্যক্তির স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন। নিহত তবদল হোসেন মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের কোড়েরপাড়ের মৃত অহিদ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী পিকাপভ্যানচালক মেহেদী হাসান হৃদয় জানান, তিনি দ্রুত পিকাপভ্যান নিয়ে এসে দেবীদ্বার থানা পুলিশের সহায়তায় লড়িচালক মো: এনায়েত হোসেন দুলালকে লড়িটিসহ আটক করেন।
দেবিদ্বার থানা পুলিশ জানায়, ঘাতক লড়িটির মালিক চট্টগ্রাম সিতাকুন্ডের সংসদ সদস্য দিদারুর আলম। দিদারুল আলম ব্রাদাস’ পরিবহনের ওই লড়িটি দেবিদ্বার থানা পুলিশের হেফাজতে রয়েছে।





