নওগাঁর বদলগাছীতে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই হত্যা ও ছিনতাইয়ে জড়িত সন্দেহে একজনকে আটক
করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কোলা ইউপির পালশা গ্রামের মৃত সমসের আলীর ছেলে মজিদুল ইসলাম (৫২) কোলা হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে আক্কেলপুর মুক্তির মোড়ে পৌঁছালে মুখোশধারী চারজন তাকে আটক করে। তাকে রাস্তার পাশে একটু দূরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তার মাথায় আঘাত করে এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

বুধবার ভোরে আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত বদলগাছী হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার নিহতের ছেলে মিঠন আলী বদলগাছী থানায় একটি হত্যা
মামলা দায়ের করেছেন।

থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর উপজেলার আক্কেলপুর গ্রামের আফসার আলীর ছেলে গরু ব্যবসায়ী মোকছেদ আলীকে আটক করা হয়েছে।