পদ্মা নদীতে বালুবাহি বাল্কহেডের ধাক্কায় ৩১টি কোরবানির পশু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লৌহজংয়ের শামুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সহযোগিতায় ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত উদ্বার করা হয়েছে। বাকি ছয়টি গরুসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।
গাঁওদিয়া ইউনিয়নের মেম্বার মো: রাসেদ মিয়া জানান, ফরিদপুর থেকে কোরবানির পশু বোঝাই একটি ট্রলার ঢাকার দিকে রওনা দেয়। লৌহজংয়ের শামুর বাড়ি এলাকায় পদ্মা নদীতে এলে অপর দিক থেকে আসা একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ২৪টি গরু জীবিত পাড়ে তুলতে সক্ষম হয়। একটি গরু মারা গেছে এবং ছয়টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, ট্রলারে থাকা চার গরু পাইকারকে আহত অবস্থায় টঙ্গীবাড়ি উপজেলা হাট বালিগাঁও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ২৪ টি গরু জীবিত অবস্থায় উদ্বার করা হয়েছে। একটি মৃত গরু নদী থেকে উদ্বার করা হয়েছে। বাকি ছয়টি গরুসহ নিখোঁজ ট্রলারটি উদ্বার কাজ চলছে। বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ আমরা খতিয়ে দেখা হচ্ছে।









