টাঙ্গাইলের সখীপুর থেকে ছিনতাই হওয়া ৫১টি শূকরের মধ্যে ৪০টি উদ্ধার করেছে পুলিশ। উদ্বার হওয়া শূকরের মূল্য পাঁচ লাখ ২৯ হাজার টাকা।

এ সময় শূকর ছিনতাই চক্রের সক্রিয় সদস্য আকবর হোসেন ওরফে রাসেলকে (২৩) গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাসেল নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কুয়ারপুর গ্রামের আলী আজগর মিয়ার ছেলে।

শনিবার বিকেলে সখীপুর থানা গোল ঘরে মামলার তদন্তকারী কর্মকর্তা নাজিম উদ্দিন এসব তথ্য জানান।

পুলিশ জানায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের পরশ আলী ১০৯টি শূকর নিয়ে সখীপুরের আন্দি জঙ্গলে অবস্থান নেয়।

গত ১১ জুলাই ভোর রাতে শূকর পালনে নিয়োজিত চারজনকে মুখে গামছা বেঁধে ৫১টি শূকর ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৫ জুলাই মামলা হলে পুলিশ ওই দিন রাতেই ঘটনায় জড়িত রাসেলকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করে। পরে তাকে দু’দিনের রিমান্ডে এনে তার দেয়া তথ্যের ভিত্তিতে শূকরগুলো মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার একটি ডাস্টবিন থেকে জীবিত অবস্থায় উদ্বার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল শূকর চুরির দায় স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। শূকরের প্রকৃত মালিকের কাছে শূকরগুলো বুঝিয়ে দেয়া হয়েছে।