ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা মোড়ে মরা গরু জবাই করে গোশত বিক্রর অপরাধে অনিক হোসেন (২৪) নামের কসাইকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এই রায় দেন। আটক অনিক কসাই ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সিরাজ আলী মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার সাহাপুর ইউনিয়নের আজিজল তলায় মরা গরুর গোশত বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ অফিসার এস আই রবিউল ইসলামের নেতৃত্বে ফোর্স নিয়ে মরা গরুর গোশত বিক্রির প্রস্তুতি কালে অনিক হোসেনকে হাতে নাতে ধরে ফেলেন। এ সময় অনিকের চাচা মিরাজ মন্ডল, ভাই জনি মন্ডল ও বাবা সিরাজ মন্ডল পালিয়ে গেছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অনিক দীর্ঘ দিন ধরে তার বাবা সিরাজ মন্ডল, চাচা মিরাজ মন্ডল ও ভাই জনি মন্ডলকে সাথে নিয়ে বিভিন্ন এলাকা থেকে মরা গরু ও চোরাই গরু ক্রয় করে সেগুলোর গোশত বিক্র করে আসছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে যাওয়ার পথে এই গরুটি মারা যায়। সেখান থেকে কিনে জবাই করে গোশত বিক্রি করছিলেন অনিক কসাই।

এলাকাবাসীর উপস্থিতিতে সমস্ত গোশত পুঁতে ফেলা হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস জানান, মরা গরু জবাই করে গোশত বিক্রির অপরাধে কসাই অনিক হোসেন মন্ডলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচাজ (ওসি) মো: আসাদুজ্জামান আসাদ জানান, আটক কসাই অনিককে বিকেলে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।