বগুড়ার ধুনট উপজেলা সদর ইউনিয়নের চান্দারপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে এক নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৫টার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, পারধুনট গ্রামের হোসেন প্রামানিকের ছেলে অসীমের সাথে সাত বছর আগে চান্দারপাড়া গ্রামের আয়তুল্লাহ্ মন্ডলের মেয়ে আদুরির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে পাঁচ বছর বয়সের এক ছেলে রয়েছে। এর মাঝে গত ১ মাস আট দিন আগে মেয়ে সন্তানের জন্ম দেয় আদুরি। গত শুক্রবার আদুরি তার নবজাতক শিশুকে নিয়ে তার বাবার বাড়ি চান্দারপাড়া আসে। শনিবার বিকেলে নবজাতক শিশুকে ঘরের মধ্যে রেখে ল্যাট্রিনে যায়। এরপর ল্যাট্রিন থেকে ফিরে ঘরের মধ্যে তার শিশুকে না দেখে স্থানীয় লোকজনকে জানায়।

স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির পর রোববার বিকেলে ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এবং ধুনট থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রহস্যজনক এই ঘটনাটি তদন্তে কাজ করছে পুলিশ।