গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। ওই মাছটি বিক্রি করা হয়েছে চার লাখ ৬২ হাজার ৭০০ টাকা।

শনিবার দুপুর ১২টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন খুলনার মৎস্য পাইকার মো: জুয়েল।

মাছুম কোম্পানির মালিকানা এফবি আলাউদ্দিন হাফিজ-৪ ট্রলারের মাঝি আবু জাফর বলেন, বৃহস্পতিবার গভীর সমুদ্রে জাল ফেলার সাথে সাথেই জাল টানা শুরু করি। জাল টানা দেখে মনে হয়েছে বড় কোনো মাছ আটকে পড়েছে। আমরা জাল টানতেই বড় ভোল মাছ পাই। আমরা আর দেড়ি না করে দ্রুত ঘাটে আসি। শনিবার সকাল থেকেই মাছ প্রকাশ্য ডাক শুরু হলে দুপুর ১২টার দিকে ওই মাছটি ছয় লাখ ৬১ হাজার টাকা মণ দরে ২৮ কেজি মাছ চার লাখ ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের চাহিদা অনেক বেশি।