লকডাউনে নারায়ণগঞ্জের গণপরিবহন চলাচল বন্ধ। এ অবস্থায় কষ্টে থাকা ১৬ শ’ শ্রমিককে খাদ্য সামগ্রী বিরতণ নারায়ণগঞ্জ ক্লাব।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওসমানী স্টেডিয়ামের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে, প্রতি প্যাকেটে পাঁচকেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ।

খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি শামীম ওসমান স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও মোবাইল ফোনে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পক্ষে সভাপতি তানভীর আহম্মেদ টিটু ছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফজর আলী, পরিবহন ব্যবসায়ী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেনসহ নারায়ণগঞ্জ ক্লাবের বেশ কয়েকজন সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

শামীম ওসমান বলেন, ‘আমার শ্রমিক ভাই যারা রয়েছেন, তারা সচেতন হয়ে থাকবেন, পাশাপাশি বাসার সকলকে সচেতন করবেন। ইনশাআল্লাহ, দয়ালু আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আমরা আসছি খালি হাতে, যাবোও খালি হাতে। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, সবার উচিৎ আল্লাহকে রাজি-খুশি করার জন্য মানুষের পাশে এসে দাঁড়ানো’।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘এই কঠিন সময়ে নারায়ণগঞ্জ ক্লাব এগিয়ে আসায় সরকারের পক্ষ থেকে আমি তানভীর আহম্মেদ টিটুকে ধন্যবাদ জানাচ্ছি। তার মাধ্যমেই তার সহকর্মীরা একটি মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা চাই করোনার এই বিপদকালে সরকারের পাশাপাশি সবাই নারায়ণগঞ্জের অসহায়, দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াক। তাহলে জেলায় মানবতার একটি জয় হবে।’

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু বলেন, করোনার শুরুতে প্রধানমন্ত্রী কর্তৃক করোনা হাসপাতাল প্রতিষ্ঠার পর নারায়ণগঞ্জ ক্লাব চিকিৎসকদের থাকার ব্যবস্থা করেছে। ক্লাবের পক্ষ থেকে প্রায় ৯ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে। খানপুরের করোনা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে দায়িত্বের জায়গা থেকে অংশ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের পরামর্শে জেলার ১৬ শ’ পরিবহন শ্রমিকদের পাশে এসে দাঁড়ানো হলো আজ।

তানভীর আহম্মেদ টিটু আরো বলেন, এবার যারা বাদ পরেছেন, পাশাপাশি ভিন্ন খাতের মানুষদের নিয়ে আরও ১৫ শ’ থেকে দুই হাজার অসহায় মানুষের তালিকা করা হবে। সেখানে আমার আমেরিকান প্রবাসী চিকিৎসক বড় ভাই সহযোগীতা করবেন বলে আশ্বস্ত করেছেন