রংপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে তিন বোনের। বৃহস্পতিবার সকালে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম শেখপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিফাত-ই জাহান জানান, ওই গ্রামে ফুফু কহিনুর বেগমের বাড়িতে বেড়াতে যায় একই উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ওসমানপুর বালুয়াভাটা শাহপাড়া এলাকার সাইদুর রহমানের মেয়ে সাদিয়া খাতুন এবং রবিউল ইসলামের কন্যা রুবিনা খাতুন ও রাবেয়া বাসরি। তারা একে অপরের জেঠাতো ও চাচাতো বোন। বেলা ৩টার দিকে ফুফুর বাড়ির পাশের যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তিন বোন। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ডুবুরী দল স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানেই মারা যায় তিন বোন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, সাদিয়া বদরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী, রুবিনা ওসমানপুর ফাজিল মাদরাসার দশম শ্রেণী এবং রাবেয়া ওসমানপুর সাহেদা স্কুলের ৫ম শ্রেণীতে পড়তো।









