গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা, ওলামা মাশায়েখ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন, গাজার মা-বোনদের কান্না আজ বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াব।
সোমবার(৭ এপ্রিল) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। হাতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘গাজার শিশু হত্যা বন্ধ করো’, ‘ইসরাইলি সন্ত্রাসের শেষ চাই’, ‘ফিলিস্তিনি মুক্তির সংগ্রামে আমরা আছি তোমাদের পাশে’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকর্ড প্রদর্শন করে ফিলিডস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহরের কাউতলি বুদ্ধিজীবী শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রাদায়ের দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান।
এ সময় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়।
এছাড়া অভিন্ন দাবিতে জেলার আশুগঞ্জ, সরাইল, নবীনগর, কসবা, বাঞ্চারামপুর, আখাউড়া ও বিজয়নগরেও পৃথক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।









