চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা মো: জহুরুল ইসলাম পলাশ (৩৫) এবং উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পলাশ ও রিয়াদ একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহর থেকে বাজার করে আলমডাঙ্গায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওদাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে দু’জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ। পরে স্থানীয়রা পলাশকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’









